প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিকন্ডাক্টর শিল্প ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত
১১ নভেম্বর ২০২৬,বুধবার, বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা, প্রযুক্তিগত অগ্রগতি এবং এ খাতে ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগ এবং আইটেস্ট বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ‘বিয়ন্ড ইঞ্জিনিয়ারিং: এক্সপ্লোরিং দ্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যান্ড ফিউচার ক্যারিয়ার অপরচুনিটিজ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটেস্ট বাংলাদেশ-এর টিম লিড মো. মাশুর শ্লেহিন। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের জন্য সেমিকন্ডাক্টর শিল্প একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এ খাতে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেই চলবে না; বাস্তব শিল্পক্ষেত্রে কাজ করার উপযোগী দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।
তিনি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, বাস্তবভিত্তিক প্রকল্পে অংশগ্রহণ এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে শিল্পের বাস্তব সমস্যার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। আইটেস্ট বাংলাদেশ-এর সঙ্গে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মূল প্রবন্ধে মো. মাশুর শ্লেহিন সেমিকন্ডাক্টর শিল্পের বৈশ্বিক প্রেক্ষাপট, চিপ ডিজাইন, উৎপাদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা এবং এ খাতে দেশি-বিদেশি ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা আলম, সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী এবং আইটেস্ট বাংলাদেশ-এর হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিন বিভাগের দায়িত্বপ্রাপ্ত তানভীর মোরশেদ। তাঁরা সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক সরিত ধর, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে এবং প্রভাষক সৌমেন দত্ত, আবির ধর, রীজমা সামানজা নিলয় ও মেহেরীন ইসলাম।
আয়োজকরা মনে করেন, এ ধরনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগমূলক উদ্যোগ শিক্ষার্থীদের প্রচলিত প্রকৌশল শিক্ষার বাইরে নতুন প্রযুক্তি ও উদীয়মান শিল্প সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করবে। একই সঙ্গে ইন্টার্নশিপ, গবেষণা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার পথ সুগম করবে।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিকন্ডাক্টর শিল্প ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত